মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 10 নভেম্বর 2026, 12:17 দুপুর • 6 বার পঠিত
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১২ টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।

সম্মেলনে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২ টা ৪০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছায়। ইস্তাম্বুলে যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় বিকেল আন্তালিয়ার উদ্দেশ্য রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে আজ সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

আগামী ১১ ও ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন। এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গত সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। এসব আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

তাই জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ তার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে সচেতনতা সৃষ্টি এবং সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে। এ ধরনের ক্ষয়ক্ষতির হিসাব বিভিন্ন রকম হলেও আন্তর্জাতিক পরিসরে তা তুলে ধরা বাংলাদেশের স্বার্থ এগিয়ে নিতে সহায়ক।

বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্যও সম্মেলনে তুলে ধরবে। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করবে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এতে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে। এর একটি হবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি নিয়ে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তঃমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম পরিচালনা করেছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এ সম্মেলনে অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ হচ্ছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশ আলোচনা করে। এ বছর তুরস্ক সম্মেলনের সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে।

প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে।