মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘জুলাই জঙ্গি’ বলে সমন্বয়ক হাসিবকে চাপাতি দিয়ে কোপ

মোহাম্মদ খাইরুল আমিন • 10 নভেম্বর 2026, 12:10 দুপুর • 6 বার পঠিত
‘জুলাই জঙ্গি’ বলে সমন্বয়ক হাসিবকে চাপাতি দিয়ে কোপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেড়াতে শ্রীমঙ্গলে গিয়েছিলেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার দুপুরে এক তরুণীকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় এক ব্যক্তি তার পথরোধ করেন।

একপর্যায়ে ওই ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করেন। এতে হাসিব আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার কাছে গিয়ে হাসিবকে উদ্দেশ করে অশালীন ও উসকানিমূলক মন্তব্য করছেন। এ সময় তাকে ‘জঙ্গি’ ও ‘জুলাই জঙ্গি’ বলেও গালাগাল করতে শোনা যায়।

একপর্যায়ে ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান। এরপর আবারও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার দিকে তেড়ে যান। এ সময় হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান। ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়ায় হামলাকারীর হাতে চাপাতি থাকার ইঙ্গিত পাওয়া যায়।নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন হাসিব আল ইসলাম। তবে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বালিশিরা রিসোর্টের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, তিন দিন আগে হাসিব রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে রিসোর্ট থেকে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। রিসোর্টের বাইরে আসার পরই এক ব্যক্তি চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন।

কর্মচারীরা আরও জানান, পরে তারা হাসিবের হাতে চাপাতি কোপের ক্ষত দেখতে পান। রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করে। এরপর তারা চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে আবার অটোরিকশায় করে রেলস্টেশনের দিকে রওনা হন।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের একটি ঘটনার কথা তারা শুনেছেন। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন বলেন, তারা বিষয়টি শুনেছেন। হাসপাতালে খোঁজ নিয়েও হাসিবের সন্ধান পাওয়া যায়নি। এনসিপির একজনের মাধ্যমে জানতে পেরেছেন, তিনি শ্রীমঙ্গল ছেড়ে চলে গেছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক খালেদ হাসান বলেন, তারা ঘটনাটি শোনার পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্ট থেকে চেকআউট করে বের হওয়ার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পর হাসিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। পরে রিসোর্টে খোঁজ নেওয়া হয়েছে। তবে তিনি আর রিসোর্টে ফেরেননি।

হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।