মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

মোহাম্মদ খাইরুল আমিন • 10 নভেম্বর 2026, 08:16 সকাল • 3 বার পঠিত
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দিয়ে লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন পদ্মা দক্ষিণ থানার ওসি আব্দুল সালাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, লগি-বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন।

এতে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ভিডিওতে গাড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে। বিস্ফোরণ ও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ফেইসবুকে বিভিন্ন ব্যক্তির আইডি থেকেও এসব ঘটনার সরাসরি সম্প্রচার করা হয়। এর মধ্যে সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালও আছেন।

টোলপ্লাজায় কর্মরত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় আধাঘণ্টা ধরে এ অবরোধ চলে। এ সময় আতঙ্কে তারা সরে পড়েন। ফলে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এদিকে অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।

এ ব্যাপারে পদ্মা দক্ষিণ থানার ওসি আব্দুল সালাম বলেন, “হামলাকারীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা অবরোধ, বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আমরা ভিডিও ফুটেজ দেখে আসামীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।”