ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অনেক শিক্ষার্থীর ‘শ্বাসনালী ক্ষতিগ্রস্ত’
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে কেউই দগ্ধ না হলেও ধোঁয়ায় অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে বলেন, “এ পর্যন্ত এই দুর্ঘটনায় ৭৯ জন মাদ্রাসা শিক্ষার্থী আমাদের কাছে এসেছেন। এর মধ্যে একজনেরও শরীরের কোথাও দগ্ধ নাই, তবে শ্বাসনালী পুড়ে যাওয়ার একটা ব্যাপার আছে।
“তো এই ৭৯ জনের মধ্যে ৬৩ জনকে আমরা হসপিটালে এডমিশন দিয়ে রেখেছি। ১৬ জনকে আমরা আউটডোর বেসিসে ছেড়ে দিয়েছি।”
যে ৬৩ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তিনি বলেন, “একজনকে অলরেডি মেকানিক্যাল ভেন্টিলেটরে রেখে দিয়েছি, বাকি তিনজনও আইসিইউতে অবস্থান করছেন। নিবিড় পর্যবেক্ষণে আছেন।”
৭২ ঘণ্টার আগের তাদের বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে। পাঁচতলা মাদ্রাসা ভবনের দোতলায় আগুন লাগে। আগুনে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে গেছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, মাদ্রাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে।
বার্ন ইনস্টিটিউটে ডা. সুলতান মাহমুদ বলেন, হাসপাতালে আসা সবারই শ্বাসনালী পুড়ে গেছে, এমন নয়।
“কেউ কেউ মনে করছে যে পুড়ে গিয়েছে, সন্দেহজনক; কনফার্ম না। তো যারা কনফার্ম না, আসলে হয়তোবা শ্বাসনালী পোড়েনি, কিছু একটা আঁচ লেগেছে, কিছুটা আঁচ লেগেছে, তো তারা খুব তাড়াতাড়ি রিকভারি করবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা হয়তোবা সবাইকে ছাড়তে পারব না, এখনো তাদেরকে পর্যবেক্ষণে রেখে আমরা যাদেরকে ছেড়ে দিতে পারি, তবে আমার কাছে মনে হয়েছে বা আমার কাছে যে সর্বশেষ তথ্য, আমরা হয়তো বেশিরভাগ শিক্ষার্থীকে ছেড়ে দিতে পারব।”