রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

আতাউল্লাহ পলাশ • 08 নভেম্বর 2026, 07:53 সকাল • 14 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

স্থানীয় সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও স্নাতক পর্যায়ের পাঁচজন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে (ফুল ফান্ডেড) বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, এ উদ্যোগের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুবর্ণ সুযোগ তৈরি হলো।

সমঝোতা স্মারক অনুযায়ী, কারিকুলাম ও সিলেবাস সংস্কার, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি (আইটি), বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার সিকিউরিটি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় বিষয়ে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।


#জাতীয় #বাসস