রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার

আতাউল্লাহ পলাশ • 08 নভেম্বর 2026, 11:46 দুপুর • 7 বার পঠিত
সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক এলাকায় হামলা হয়েছে। এতে ওই এলাকার আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রোববার একাধিক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন। 

এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় সৌদি নেতৃত্বাধীন জোট।

কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) কথা উল্লেখ করে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আরামকো টাওয়ারে হামলা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’ 

আরও দুই প্রত্যক্ষদর্শী ভবনটিতে ক্ষয়ক্ষতি দেখেছেন বলে নিশ্চিত করেছেন।

রিয়াদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতের অবসানে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যায়। এরপর থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। 

হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।

ইরান-সমর্থিত হুতিরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এর এক বছর পর দেশটির সরকারকে সমর্থন দিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট সংঘাতে জড়ায়।

কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট সৌদি আরবের চলমান অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির অন্যতম দৃশ্যমান নিদর্শন। এলাকাটিতে রয়েছে সুউচ্চ কাচের ভবন, অভিজাত বিপণিবিতান ও সবুজ চত্বর।

এই জেলায় হামলার ঘটনা হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের লড়াইয়ে বড় ধরণের উত্তেজনা সৃষ্টি করবে।

এলাকাটিতে আবাসিক ভবনের পাশাপাশি একটি বড় মেট্রো স্টেশনও রয়েছে। সকালে অফিসগামী মানুষের ভিড়ে স্টেশনটি ব্যস্ত থাকে।

অপর এক প্রত্যক্ষদর্শী জানান, আরামকো টাওয়ারের একাধিক তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়েছে। ভবনটির কাচ ভেঙে গেছে এবং সামনের অংশের কিছু জায়গায় ক্ষয়ক্ষতি দেখা গেছে।

রিয়াদে কয়েক সপ্তাহ ধরে দূরশিক্ষণ কার্যক্রম চলার পর সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটে। 

শনিবার গভীর রাতে মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘হুতি সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার পথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’ 

এ সময় সৌদি রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হুতিদের প্রতিদিনের হামলার মুখে সৌদি আরব তার মিত্রদের সহায়তা চেয়ে আসছে। সম্প্রতি হুতিরা রিয়াদ-সমর্থিত সরকারের কাছ থেকে লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।

ইয়েমেনের একাধিক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, হাজার হাজার সিরীয় সেনা সৌদি আরব ও ইয়েমেনে মোতায়েন হতে যাচ্ছেন। তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই সেখানে পৌঁছেছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দরিদ্র দেশ ইয়েমেনে নতুন করে সংঘাত শুরুর পর থেকে এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লক্ষাধিক মানুষ।

২০২২ সালের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ে হুথিরা সৌদি আরবের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের আকাশসীমা উপেক্ষা করে ইরানের একটি বিমানকে রাজধানী সানায় অবতরণের অনুমতি দেওয়ার পর। এর জেরে ধারাবাহিক হামলা শুরু হয়।

পরবর্তী সময়ে হুতিরা সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। তারা দেশটির জাহাজ, ভূখণ্ড ও তেল স্থাপনায় হামলা শুরু করে। 

এরপর দ্রুত অভিযান চালিয়ে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখল করে নেয়।


#আন্তর্জাতিক #বাসস