সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

হৃদয়ের আরেকটি দারুণ ইনিংসে বাংলাদেশের ড্র

মোহাম্মদ খাইরুল আমিন • 09 নভেম্বর 2026, 12:48 দুপুর • 8 বার পঠিত
হৃদয়ের আরেকটি দারুণ ইনিংসে বাংলাদেশের ড্র

ম্যাচ জিতে সিরিজ ড্র করতে পাড়ি দিতে হতো কঠিন পথ, গড়তে হতো রেকর্ড। সেই চেষ্টাই করেনি বাংলাদেশ। বরং দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ সামলে হার এড়ানোর পথে হাঁটলেন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিমরা।

প্রথম ইনিংসে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি করে সঙ্গীর অভাবে অপরাজিত থেকে যান হৃদয়। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে যেন সেখান থেকেই শুরু করেন তিনি। আরেকটি চমৎকার ইনিংসে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান ২৬ ছুঁইছুঁই ব্যাটসম্যান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিন রোমাঞ্চের খোরাক ছিল যথেষ্টই। তবে তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তার ওপর বাগড়া বাঁধায় প্রকৃত। আলোকস্বল্পতায় ১৯ ওভার বাকি থাকতেই শেষ হয়ে যায় ম্যাচ।

চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৭৮ ওভারে ৩৬৯ রানের। প্রায় অসম্ভব পর্যায়ের এই লক্ষ্য তাড়ার চেষ্টা না করে ম্যাচ বাঁচানোর চেষ্টায় স্বাগতিকরা ৫৯ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৮৪ রান। এরপর আর খেলা সম্ভব না হলে ড্র হয়ে যায় ম্যাচ।

শেষ দিন সকালে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে তারা। দিনের শেষভাগে আলোকস্বল্পতার পর নিশ্চিতভাবেই প্রশ্ন উঠবে সকালের দিকে তাদের ইনিংস ঘোষণায় দেরি করার সিদ্ধান্ত।

বাংলাদেশের মাঠে ২০২২ সালের মে মাসের পর এই প্রথম ড্র হলো কোনো টেস্ট। মাঝের সাড়ে চার বছরে ১৮ ম্যাচের সবকটিতেই আসে ফল। এবার ড্র করলেও সিরিজটি অবশ্য ১-০ ব্যবধানে হারল বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশের মাঠে পরপর দুটি সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচে বাংলাদেশের নায়ক হৃদয়। মিরপুর টেস্টের দুইবার বাজেভাবে আউট হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিলেটে তিনি খেলেন চমৎকার দুটি ইনিংস। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর, দ্বিতীয়বার তার ব্যাট থেকে আসে ৮২ রান।

দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ম্যাচে তিনশর বেশি রান করার রেকর্ড গড়েন হৃদয়। এতদিন ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২৮১ (১৭৬ ও ১০৫*) রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

তানজিদ হাসানের সঙ্গে ইনিংস সূচনা করেন নাজমুল হোসেন শান্ত। শুরুটা আশা জাগানিয়া করলেও অষ্টম ওভারে জোমেল ওয়ারিক্যানের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তানজিদ হাসান।

কিছুক্ষণ পর দলের বিপদ আরও বাড়িয়ে এলবিডব্লিউ হন অধিনায়ক শান্ত। ১২ ওভারের মধ্যে ৪০ রানে ২ উইকেট হারিয়ে তখন চাপে বাংলাদেশ।

তৃতীয় উইকেটে হাল ধরেন হৃদয় ও মুশফিক। একপ্রান্তে সাবলীল ছিলেন হৃদয়। অন্য পাশে খোলসে ঢুকে পড়েন মুশফিক। এর মাঝেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রান পূর্ণ করেন সাবেক অধিনায়ক।

দায়িত্বশীল ব্যাটিংয়ে লাঞ্চ বিরতি পর্যন্ত আর উইকেট পড়তে দেননি দুই ব্যাটসম্যান। প্রথম ইনিংসের ছন্দ ধরে রেখে এবার ৮১ বলে ফিফটি পূর্ণ করেন হৃদয়। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও পঞ্চাশ করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনি।

দ্বিতীয় সেশনেও কোনো বিপদ আসতে দেননি মুশফিক ও হৃদয়। ওয়ারিক্যানের বলে অবশ্য মুশফিককে আউট দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বাঁচেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। কিছুক্ষণ পর তার ঝুলিতে ধরা দেয় আরেকটি অর্জন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ হয় মুশফিকের। এই সংস্করণে ১০ হাজার রানের ক্লাবে বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান তিনি। আগের চারজন- নাঈম ইসলাম, তুষার ইমরান, মার্শাল আইয়ুব ও মুমিনুল হক।

আরেকটি সেঞ্চুরির পথেই ছিলেন হৃদয়। কিন্তু ওয়ারিক্যানের লেগ স্টাম্পের ডেলিভারি সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। প্রথমে তো বুঝতেই পারেননি তিনি, রিপ্লে দেখে নিশ্চিত হয়ে মাঠ ছাড়েন হৃদয়।

হৃদয়ের বিদায়ে ভাঙে ১৩১ রানের তৃতীয় উইকেট জুটি। কয়েক ওভার পর শামার জোসেফের চমৎকার ডেলিভারিতে স্টাম্প এলোমেলো হয়ে যায় মুশফিকের। ৬ চারে ১২৩ বলে তিনি করেন ৪৯ রান।

এরপর খেলা হওয়া বাকি ১৪ বলে আর কোনো বিপদ হয়নি বাংলাদেশের। পরে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলে নির্ধারিত সময়ের অনেক আগেই ড্র মেনে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে দিনের শুরুতে দ্রুত রান তোলার অভিযানে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজ আর ২ রানের বেশি যোগ করতে পারেননি। জাস্টিন গ্রিভসও ফেরেন দ্রুতই।

চার-ছক্কার খোঁজে রস্টন চেইসের আগে ব্যাটিংয়ে যান শামার জোসেফ। তিনিও কিছু করতে পারেননি। তবে এরপর জশুয়া বিশপ এক চার ও দুই ছক্কায় খেলেন ১১ বলে ২০ রানের ইনিংস। অন্য প্রান্তে ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু।

ব্যস্ত সূচিতে বাংলাদেশ দলের মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা। জোহসংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ৩৫৬

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৬

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (আগের দিন ৩৪৫/৩) ৯৩ ওভারে ৩৯৮/৬ ডিক্লে. (হজ ১৪২, জাঙ্গু ৩৯*, গ্রেভস ৯, জোসেফ ১, বিশপ ২০*; তাসকিন ১১-০-৫১-০, হাসান ১১-১-৬১-০, তাইজুল ২৯-১-১১৮-২, মিরাজ ২৭-৪-৮৫-২, নাঈম ১৫-০-৭২-২বাংলাদেশ ২য় ইনিংস (লক্ষ‍্য ৩৬৯) ৫৯ ওভারে ১৮৪/৪ (তানজিদ ২১, শান্ত ১৪, হৃদয় ৮২, মুশফিক ৪৯, লিটন ৭*, মিরাজ ১*; সিলস ৩-০১১-০, জোসেফ ১০-৩-৩১-১, চেইস ১৬-৩-৪৭-০, ওয়ারিক‍্যান ১৮-৪-৪৪-৩, বিশপ ৯-০-৩৫-০, গ্রেভস ৩-১-৬-০)ফল: ম্যাচ ড্র

সিরিজ: দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে জয়ী

:)

:ানেসবার্গে আগামী রোববার শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।